কল্পনা চাকমা অপহরণ মামলা

রাঙ্গামাটিতে নৌ ও সড়ক পথ সকাল-সন্ধ্যা অবরোধ আজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৬
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আজ রবিবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা নৌ ও সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ীদের ৭টি সংগঠন। হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, সাজেক নারী সমাজ, সাজেক ভূমি রক্ষা কমিটি, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এবং প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড গতকাল শনিবার পাঠানো এক বিবৃতিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। কল্পনা চাকমার অপহরণের ১৬ বছর পর সিআইডির দেয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে গত ১৬ জানুয়ারি রাঙ্গামাটি মুখ্য বিচারিক হাকিম আদালত পুলিশ সুপারকে অপহরণ ঘটনার পুনঃতদন্তের আদেশ দেন। এ আদেশ প্রত্যাখ্যান করে পাহাড়ীদের ৭টি সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিচার বিভাগের তদন্ত দাবি করে সর্বশেষ নৌ ও সড়ক পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।