আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারও উঠেছে কাঠের নানা আসবাবপত্র। বিভিন্ন কোম্পানি এসব আসবাবপত্র নিয়ে এসেছে । নতুন নতুন ডিজাইন এবং বিভিন্ন রঙ্গের এই আসবাবপত্র দর্শনার্থী ও ক্রেতারা দেখছেন, ক্রয় করছেন আবার তৈরির অর্ডার দিচ্ছেন। ফলে আসবাবপত্রের প্যাভিলিয়নগুলোতে প্রতিদিনই ভিড় দেখা যাচ্ছে। আসবাবপত্র দেখতে অনেকেই সপরিবারে প্যাভিলিয়নে আসছেন। এমনই একজন আমিনুল ইসলাম। তিনি সপরিবারে মেলায় এসেছেন । তার স্ত্রী রত্না ইত্তেফাককে জানান, চলতি মাসে নতুন ফ্ল্যাটে উঠেছি। তাই নতুন কিছু আসবাবপত্র দরকার। ক্রয় করতে মেলায় চলে আসলাম। প্যাভিলিয়নগুলো ঘুরে ঘুরে দেখছি। পছন্দ হলে ক্রয় করবো। আসবাবপত্রের প্যাভিলিয়নগুলোর মধ্যে রয়েছে হাতিল, আবদুল্লাহ উড কমপ্লেক্স, পারটেক্স ইত্যাদি।
মেলায় হাতিল নিয়ে এসেছে ডাবল বেড। একটির উপরে আরেকটি বেড। উপরের বেডে উঠতে সিঁড়ি দেয়া আছে যা খাটের সাথেই সংযুক্ত। এছাড়া হাতিলের অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে সোফা, বেড, বুক সেলফ, ডাইনিং টেবিল, কর্ণার টেবিল, দরজা ইত্যাদি। এদের মধ্যে সোফার সর্বোচ্চ দাম ১ লাখ ১০ হাজার টাকা। কর্ণার টেবিলের দাম ২৮ হাজার টাকা। খাটের দাম ৩৫ হাজার টাকা। প্যাভিলিয়নের কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান ইত্তেফাককে জানান, ভালোই বিক্রি হচ্ছে। গত বছরের চেয়ে নতুন নতুন ডিজাইন যোগ করা হয়েছে তাই ক্রেতাদের আকর্ষণ বেশি। আশা করি এ বছর বেশি বিক্রি করতে পারবো। আবদুল্লাহ উড কমপ্লেক্স নিয়ে এসেছে ১ লাখ ৯৮ হাজার টাকা দামের খাট, ১ লাখ ৯৫ হাজার টাকা দামের সোফা এবং ২ লাখ ৮৫ হাজার টাকা দামের কর্ণার টেবিল। এছাড়া অন্য আসবাবপত্রের মধ্যে রয়েছে আলনা, আলমারি, বুক সেলফ, টি টেবিল, চেয়ার । পণ্যগুলোর মধ্যে খাটের সর্বনিম্ন দাম ১৫ হাজার টাকা, সোফার সর্বনিম্ন দাম ৩০ হাজার টাকা এবং টেবিলের সর্বনিম্ন দাম ২৭ হাজার টাকা। মেলা উপলক্ষে ১০ থেকে ১৫ শতাংশ ছাড় চলছে প্যাভিলিয়নে। প্যাভিলিয়নের ম্যানেজার সাইদ দেলোয়ার হোসাইন ইত্তেফাককে জানান, আমাদের পণ্যগুলো ভালো চলছে। আমরা পণ্যের উপর ছাড়সহ হোম ডেলিভারি দিচ্ছি।
