একটি বলি ছাড়া পদ্মা সেতু হবে না:সুরঞ্জিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৯
বহুল আলোচিত পদ্মা সেতু নিয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ঈদের সময় যেমন কোরবানি দেয়া হয়, আর পূজায় দেয়া হয় বলি, তেমনি একটি কোরবানি বা বলি ছাড়া পদ্মা সেতু হবে না। অন্তত একটা বলি দিতে পারলে পদ্মা সেতু না হলেও এর ভিত্তি প্রস্তর স্থাপন করা যাবে। গতকাল দুপুরে সিলেট এমসি কলেজ মাঠে আয়োজিত ঘুড়ি উত্সবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী না মধ্যবর্তী কোন সরকারের অধীনে নির্বাচন হবে সেটা বড় বিষয় নয়। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। যাদের উপর জাতি আস্থা রাখবে। তিনি বিএনপির উদ্দেশে বলেন, শর্তহীন হয়ে পার্লামেন্টে আসুন। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। তিনি বলেন, মুখে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে মাঠে যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলন করবেন, তা হয় না।