আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি আজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৯
আজ রবিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশেষ তাত্পর্যপূর্ণ এ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৪৭তম বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দানের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একাধিকসূত্র জানিয়েছে, বেলা বারটার দিকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিকে মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটছেন ইজতেমা প্রাঙ্গণ অভিমুখে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নিজেকে সমর্পণ করার ব্যাকুলতায় নিমগ্ন তারা। দেশ-বিদেশের আনুমানিক ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান মোনাজাতে শরিক হবেন বলে ধারণা করা হচ্ছে। তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের পরামর্শে দিল্লীর মারকাজের সুরা সদস্য হযরত মাওলানা জোবায়েরুল হাসান আখেরী মোনাজাত পরিচালনা করবেন। গতকাল শনিবার বাদ ফজর পাকিস্তানের হযরত মাওলানা তারিক জামিল-এর বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের ইজতেমার কর্মসূচি শুরু হয়। জোহরের পর বয়ান করেন ভারতের হযরত মাওলানা মিয়াজী আজমত। বাদ আছর দিল্লীর মজলিসে শূরার সদস্য হযরত মাওলানা জোবায়েরুল হাসান, বাদ মাগরিব বয়ান করেন দিল্লীর হযরত মাওলানা আহম্মদ লাট। শতাধিক যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন: ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শনিবার বিকালে ইজতেমা ময়দানের বয়ান মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে শতাধিক বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পূর্বে বাদ আছর দিল্লীর হযরত মাওলানা জোবায়ারুল হাসান বয়ান করেন। বয়ান শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা খেজুর বিতরণ করা হয়। বিয়ের আগে অভিভাবকরা আগেই নবদম্পতিদের নাম তালিকাভুক্ত করেন। ১০ হাজার বিদেশি মেহমান: গতকাল শনিবার বিকাল পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার তাবলীগ অনুসারী বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসেছেন বলে বিদেশি নিবাসের একজন মুরুব্বি জানান। আরো ছয় মুসল্লির মৃত্যু: গত শনিবার রাতে ইজতেমায় আগত আরো ছয় মুসল্লি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তারা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেন (৫৫), টঙ্গাইলের কালিহাতি থানার নূর মোহাম্মদ খান (৭০), নওগাঁর মাদারপাড়া এলাকার ইসমাইল হোসেন (৬০), নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার সুলতান উদ্দিন (৬৫), গোপালগঞ্জের খালিশপুরের হেদায়েতুল ইসলাম (৭০) ও পাবনা সাঁথিয়া থানার আহম্মদ আলী (৬৫)। শনিবার রাতে ইজতেমা ময়দানে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ও বার্ধক্যজনিত কারণে তারা ইন্তেকাল করেন। এ নিয়ে তিনদিনে ইজতেমায় আগত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। টঙ্গী হাসপাতালে ভর্তি ১৫৩ জন: গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ইজতেমায় আগত বিভিন্ন রোগে আক্রান্ত মোট ২৫ হাজার ৬৮৮ রোগী টঙ্গী হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন চিকিত্সা ক্যাম্পে এসেছেন। এদের মধ্যে ১৫৩ জন টঙ্গী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯১ জন রোগীকে টঙ্গী হাসপাতালে থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মোনাজাত শোনার জন্য মাইক সংযোগের ব্যবস্থা: এবার আখেরী মোনাজাতে অংশগ্রহণ সহজ করার লক্ষ্যে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে চেরাগ আলী মার্কেট থেকে উত্তরা আব্দুল্লাপুর পর্যন্ত মহাসড়ক ব্যতীত শাখা সড়ক ও অলিগলিতে মাইক সংযোগ এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইজতেমা মাঠের কট্রোল রুমের আশপাশের এলাকা, মন্নু রোড, স্টেশন রোড, বাট ফ্যাক্টরীর অভ্যন্তর, হোন্ডা ফ্যাক্টরীর অভ্যন্তর, টেলিফোন শিল্প সংস্থার মাঠের পুলিশ কন্ট্রোল রুম এলাকাসহ ১০টি পয়েন্টে মাইক সংযোগের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঢাকা গণযোগাযোগ অধিদপ্তর উত্তরা আবদুল্লাপুরসহ বেশ কয়েকটি পয়েন্টে মাইক সংযোগের ব্যবস্থা করেছে বলে তথ্য অফিসসূত্রে জানা গেছে। যানবাহন চলাচল ও পার্কিং: আজ রবিবার ঢাকা মহানগরী এলাকা হয়ে বিশ্ব ইজতেমায় গমনকারী যানবাহনসমূহের জন্য যেসব স্থান নির্দিষ্ট করা হয়েছে তা হল উত্তরা ৩ নং সেক্টরস্থ জসিমউদ্দিন সড়ক সংলগ্ন মাঠ, উত্তরা ৭ নং সেক্টরস্থ রবীন্দ্র সরণি সংলগ্ন মাঠ, উত্তরা ৬ নং সেক্টর সংলগ্ন সাবেক হাজী ক্যাম্প মাঠ, উত্তরা ৯ নং সেক্টরের সোনারগাঁও জনপথ ও তত্সংলগ্ন স্থান এবং উত্তরা পশ্চিমে উত্তরা ১১, ১২ ও ১৩ নং সেক্টরের হাউস বিল্ডিং স্টাফ কোয়ার্টার সংলগ্ন মাঠ। আগত ধর্মপ্রাণ মুসল্লিগণকে বহনকারী সবধরনের যানবাহনের জন্য ঢাকা-টঙ্গী সড়কে পার্কিং নিষেধ থাকবে। মুসল্লিগণকে যানবাহন নির্দিষ্ট পার্কিং স্থানে রেখে হেঁটে বিশ্ব ইজতেমায় গমনের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া এসব স্থান থেকে গাজীপুর পুলিশের ব্যবস্থাপনায় স্টিকার লাগানো ৫০টি বাস মুসল্লি বহন করার জন্য চান্দনা চৌরাস্তা হয়ে টঙ্গী ব্রিজ পর্যন্ত চলবে।