আমার মনে হয় বেগম রোকেয়া, সুফিয়া কামালের স্বপ্নের বাংলাদেশ তৈরি হওয়ার সময় এখন হয়েছে। যেখানে অর্ধশত বছর পূর্বেও নারীরা অন্তঃপুরবাসী ছিল, সেখানে আমাদের নারীরা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করছে। এছাড়াও অন্য অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার গত বছর আমাদের নারীরা অর্জন করেছে। আমার মনে হয় নারীরা এগিয়ে যাওয়ার মাধ্যমেই আমাদের জাতীয় অগ্রযাত্রা সম্ভব। বর্তমান তরুণীরাও অনেক বেশি সচেতন। অনেকেই নিজে উদ্যোক্তা হচ্ছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নারীদের তত্পরতা বৃদ্ধি পেয়েছে এটা আমার অনেক বেশি ভালো লাগে। আমরা যারা মফস্বলের তরুণী, অনেক সময় এমন সমস্যার সম্মুখীন হই যেটা অনেক নারীর এগিয়ে যাওয়াকে থামিয়ে দেয়। এর মধ্যে ইভটিজিং, বাল্য বিবাহ, পড়াশুনা বন্ধ করে দেয়া অন্যতম। আমার মনে হয় এগুলোর জন্য অনেক বেশি সামাজিক সচেতনতা দরকার। আর নারীদের চিন্তা-ভাবনা বিকাশের জন্য সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয়ভাবে মুক্ত বুদ্ধিচর্চা করা উচিত। নারীর এগিয়ে যাওয়া মানেই একটি দেশের এগিয়ে যাওয়া।
