এসএমই খাতের সফল নারী উদ্যোক্তাদের কর্মকাণ্ডের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে তৃতীয়বারের মতো “জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার” প্রদান করবে এসএমই ফাউন্ডেশন। আগামী ৪ ফেব্রুয়ারি, ঢাকার একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। এবার এসএমই খাতে নিয়োজিত নারী উদ্যোক্তাদের মধ্য থেকে বর্ষসেরা মাইক্রো নারী উদ্যোক্তা, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, মাঝারি নারী উদ্যোক্তা ও আজীবন সম্মাননা— এই চারটি ক্যাটিগরিতে পুরস্কার প্রদান করা হবে। জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক, নাসিব, সকল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সকল ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশনসমূহ এসএমই ফাউন্ডেশনের এই কাজে সহযোগিতা করেছে।
উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন এর আগে ২০০৮ ও ২০১০ সালে দুই দফায় ১১ জন সফল নারী উদ্যোক্তাকে এ ধরনের পুরস্কার প্রদান করে।
