ওটিসি মার্কেটে লেনদেন বেড়েছে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২০:০৮
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে লেনদেন কিছুটা বেড়েছে। প্রতি মাসেই ওটিসিতে খুব কম লেনদেন হলেও চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ওটিসিতে ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২টি কোম্পানির শেয়ার। কোম্পানি ২টি হলো বেঙ্গল ফাইন সিরামিক এবং এপেক্স ওয়েভিং। জানা গেছে, গত ১৫ জানুয়ারি বেঙ্গল ফাইন সিরামিকের ৫৫ হাজার ২৫৮টি শেয়ার প্রতিটি ৭৫ টাকা দরে মোট ৪১ লাখ ৪৪ হাজার ৩৫০ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া এপেক্স ওয়েভিংয়ের ৫ হাজার শেয়ার প্রতিটি ৫ টাকা দরে ২৫ হাজার টাকায় লেনদেন হয়েছে। বিগত সময়ের তুলনায় এটি অনেক বেশি বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে ডিসেম্বর মাসের প্রথমার্ধে ওটিসিতে লেনদেন হয় মাত্র ৬ হাজার ৪০০ টাকার শেয়ার। ডিএসই’র ওটিসিতে ৬৮টি কোম্পানি তালিকাভুক্ত থাকলেও মূলত ১৮ থেকে ২০টির লেনদেন হয়। তাও অনিয়মিত। বাকি ৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয় না বললেই চলে। এছাড়া ওটিসি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২২টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।