সীমান্ত বাণিজ্য সহজীকরণের শর্তে এডিবির ঋণ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২০:০৮
দক্ষিণ এশিয়ার ভুটান, ভারত ও নেপালের সাথে সীমান্ত বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে কতিপয় শর্ত পূরণ সাপেক্ষে প্রায় ১৭০ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল শেরেবাংলানগরের ইআরডি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. আবুল কালাম আজাদ ও এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো চুক্তিতে স্বাক্ষর করেন। দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে বাণিজ্য সহজীকরণ কর্মসূচীতে এ ঋণ দেয়া হবে। এসময় জানানো হয়, এ কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো- এ দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে অধিকতর দক্ষ, কার্যকরী, স্বচ্ছ, নিরাপদ ও সেবা ভিত্তিক ব্যবস্থাপনায় সহায়তা করা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্মসূচিটি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করবে। কতিপয় শর্ত পূরণ সাপেক্ষে দুই কিস্তিতে এ ঋণ পাওয়া যাবে। ৮ বছর রেয়াতীকালসহ সহজ শর্তে এ ঋণ ২৪ বছরে পরিশোধ করতে হবে। রেয়াতিকালে ১ শতাংশ এবং রেয়াতকাল শেষে দেড় শতাংশ হারে এ ঋণের জন্য সুদ প্রদান করতে হবে।