বায়ার্ন ও ডর্টমুন্ডের জয়

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২০:১৮
মারিও মানজুকিচের জোড়া গোলে ভর করে গত শনিবার জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট তালিকার তলানিতে থাকা গ্রুথার ফার্থকে ২-০ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে চলতি বছরের শুরুটা জয়ে হলো বায়ার্নের। মৌসুমের মাঝ পর্যায়ে প্রায় চার সপ্তাহ ছুটি থাকার পর আবারো শুরু হয়েছে বুন্দেসলিগা। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে স্বাগতিক ওয়েরডার ব্রেমেনকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। শীর্ষ পয়েন্টধারীদের থেকে ডর্টমুন্ড ১২ পয়েন্ট পেছনে থাকলেও বুঝিয়ে দিল শক্তিমত্তা কমেনি তাদের। লিগে ১৮ খেলা শেষে বায়ার্ন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ৪৫ পয়েন্ট নিয়ে। দ্বিতীয়স্থানে থাকা বেয়ার লেভারকুসেন রয়েছে ৩৬ পয়েন্ট অর্জন করে। বায়ার্ন মিউনিখ এগিয়ে নয় পয়েন্টে। লিগে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মানজুকিচ ১১ গোল করে গোলদাতাদের তালিকায় যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছেন। ডর্টমুন্ড ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। বেয়ার লেভারকুসেন ৩-১ গোলে এদিন হারিয়ে দেয় ফ্রাঙ্কফুর্টকে। ফ্রাঙ্কফুর্টের সমর্থকরা এ ম্যাচে ব্যাপক বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেন। সামনে মৌসুমে সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা দায়িত্ব নিচ্ছেন বায়ার্ন মিউনিখের। কিন্তু বর্তমানে ৬৭ বছর বয়স্ক জাপ হেইঙ্কসের অধীনে বায়ার্ন রয়েছে শীর্ষ ফর্মে। হেইঙ্কস বলেন, ‘আমরা এই জয়ে সন্তুষ্ট। কিন্তু আমার দল জানে তারা ভাল খেলেনি।’ মৌসুম শেষে বায়ার্ন ছেড়ে যাওয়ার পর কোচিং ক্যারিয়ারে থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন হেইঙ্কস। তবে তিনি দলের খেলায় অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমাদের খেলাটি হয়েছে মোটামুটি মানের। স্বাভাবিকভাবে যেমন হয় তেমন নয়। ফার্থ ভাল খেলেছে। আমরা আজ আবারো দেখলাম বুন্দেসলিগা মানে পার্কে বেড়ানো নয়।’ শনিবারের ফলাফল বেয়ার লেভারকুসেন ৩ ফ্রাঙ্কফুর্ট ১ বায়ার্ন মিউনিখ ২ গ্রুথার ফার্থ ০ মেইঞ্জ ০ ফ্রিইবুর্গ ০ হফেইনহ্যাম ০ বরুশিয়া মনশেনগ্লাডবাখ ০ ভলভসবুর্গ ২ স্টুটগার্ট ০ ওয়েরডার ব্রেমেন ০ বরুশিয়া ডর্টমুন্ড ৫