আমাদের দেশসহ বিশ্বের অনেক দেশেই নানা সময়ে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তবে টায়ার পোড়ানোর এই কাজটিকে খানিকটা অন্যভাবেও করে থাকেন রেসার কিংবা গাড়ির নানা কসরত দেখানো ব্যক্তিরা। আর এমনই এক কসরতের অংশ হিসেবে সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্যানবেরা এক্সিবিশন পার্কে একসাথে সবচেয়ে বেশি গাড়ির টায়ার পোড়ানোর রেকর্ডটি স্থাপিত হয়। তবে স্রেফ টায়ারে আগুন ধরিয়ে নয়, বরং একই জায়গায় থেকে প্রচণ্ড গতিতে চাকা ঘূরিয়ে বিশেষভাবে তৈরি এই বার্নআউট টায়ার পোড়ানোর কাজটি করেন একসাথে ৬৮জন চালক। আর এ সময় তারা যে পরিমাণ শক্তি উত্পন্ন করেন তার পরিমাণ ছিল ৩৫,০০০ হর্সপাওয়ার।
