সেচ সংকট

লোহাগড়ার ডলু-টংকা নদী শুকিয়ে যাচ্ছে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০০
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা দিয়ে প্রবাহিত ডলু-টংকা এখন শুকিয়ে কাঠ। খাল দুটি শুকিয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়েছে শত শত মত্স্যজীবী। সেচ সমস্যায় পড়েছে খালপাড়ের বোরো ও রবিশস্য চাষিরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ খাল ডলু-টংকার আমিরাবাদ, রাজঘাটা, আধুনগর ও পুটিবিলা এলাকার অধিকাংশ স্থানে বালুর স্তর পড়ে ভরাট হয়ে শুকিয়ে গেছে। খাল পাড়ের দু’কিনারা ভরাট হয়ে বেদখল হয়ে গেছে। এ সুযোগে খালের বুকে হচ্ছে চাষাবাদ। খালের বালু চরে ছেলেরা খেলছে ফুটবল-ক্রিকেট। জানা যায়, এসব খালের তীরবর্তী ৩৫টি গ্রামের ৪০ হাজার পরিবার কৃষির উপর নির্ভরশীল। চাষিরা জানান, প্রথমদিকে খালের পানি দিয়ে বীজতলা ও বোরো আবাদ করা গেলেও পরে বোরো চাষ সেচ সমস্যায় পড়ে। এলাকাবাসীরা জানান, খালগুলো শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় আর বর্ষাকালে বন্যায় এলাকা পানিতে ডুবে যায়। ইউপি চেয়ারম্যানরা জানান, বিগত ৪১ বছরেও এসব খালের কোন সংস্কার কিংবা ড্রেজিং হয়নি।