ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে আইন শৃংখলা বাহিনী পরিচয়ে ঢাকা সিটির ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজুমদারকে অপহরণ ও হত্যা ঘটনার ১৫ দিনের মাথায় ওই গ্রামের সোহেল রানা নামে এক কলেজ ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। শনিবার বিকালে শেখপাড়া হাট থেকে দু’জন তাকে চায়ের দোকান হতে ডেকে মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায় ।
ওই ছাত্রের বাবা হারুন অর রশিদ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে রানা পার্শ্ববর্তী শেখপাড়া হাটে বাজার করতে যায়। তারপর সে আর বাড়ি ফিরে না। খোঁজও মিলছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিহত রফিকুল ইসলামের শ্বশুর বাড়ির সামনে তাদের একটি চায়ের দোকান আছে। রানা শৈখপাড়া ডিএম কলেজের ডিগ্রী ক্লাসের ছাত্র। পড়াশুনার পাশাপাশি বাবার দোকানে বসে। নিখোঁজের পর আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে। কোথাও তার সন্ধান মেলেনি। ছেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তারা আতংকের মধ্যে আছেন।
শৈলকুপা থানার ওসি আব্দুল বারি জানান, রানা শেখপাড়া হাটে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় দু’জন লোক মোটর সাইকেলে এসে তাকে ডাক দেয়। তারপর সে মোটর সাইকেলে উঠে তাদের সাথে চলে যায়। রাতে তার বাবা শৈলকুপা থানাতে একটি জিডি করেছে। পুলিশ তদন্ত করে দেখছে।
