দেবীগঞ্জে শুরু হচ্ছে দশম রোভার মুড

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০২
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীবেষ্টিত ময়নামতি চরে প্রায় ৫০ বিঘা জমির উপর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, দশম জাতীয় রোভার মুড ও পঞ্চম জাতীয় কমডেকা ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি এখন শেষ পর্যায়। ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়, কলেজ ও হাই স্কুল থেকে ৮ হাজার শিক্ষার্থী ৩শ’ কর্মকর্তা ও ৩শ রোভার স্বেচ্ছাসেবক দশম জাতীয় রোভার মুড ও পঞ্চম জাতীয় কমডেকায় অংশ নিতে দেবীগঞ্জের ময়নামতি চরে আসবেন। এর জন্য ১ হাজার তাঁবু নির্মাণ করা হয়েছে। প্রতি তাঁবুতে ৮ জন করে শিক্ষার্থী অবস্থান নেবেন। কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য রোভার মুড ও হাই স্কুলের জন্য কমডেকা। প্রতি স্কুল থেকে ৮ জন শিক্ষার্থী ও ১ জন দলনেতা এবং কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী ও একজন দলনেতা আসবেন। আগন্তুকদের জন্য ১০ জন ডাক্তার ১০ জন নার্স সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার রাস্তা পাকাকরণ ও ২৪ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুত্ সংযোগ, পানির জন্য ৩০০ নলকূপ, ল্যাট্রিন স্থাপন, পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে মর্মে উপজেলা স্কাউটের সভাপতি ইউএনও মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক দেবীগঞ্জ নিপেন্দ্র নারায়ণ সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আশিকুর রহমান জানান। এ উপলক্ষে সর্বশেষ শনিবার দুপুরে ময়নামতি চরে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন প্রধান অতিথি ছিলেন।