মনোহরগঞ্জে পাঠ্যপুস্তক সংকটে ৯শ’ শিক্ষার্থী

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০২
কুমিল্লার মনোহরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯শ’ শিক্ষার্থী পাঠ্যপুস্তক না পাওয়ায় বিপাকে পড়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ শ্রেণীর জন্য ৫ হাজার ৫০ সেট বইয়ের তালিকা জেলা শিক্ষা অফিসের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে পাঠানো হলে পাওয়া যায় ৪ হাজার ১শ’ ৫০ সেট। চাহিদার তুলনায় ৯শ’ সেট বই কম পাওয়ায় উপজেলার প্রায় স্কুলগুলোতে পাঠ্যপুস্তক সংকট দেখা দিয়েছে। বিপুলাসার আহমদ উল্যাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান শরীফ হোসেন জানান, এ স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ৫শ’ ৫০ জন শিক্ষার্থীর বইয়ের তালিকা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হলে পাওয়া যায় ৪শ’ ১০ সেট বই । ১শ’ ৪০ জন শিক্ষার্থী বই থেকে বঞ্চিত হয়। একই শ্রেণীতে ৩শ’ ৬০ জন শিক্ষার্থী শুধু গণিত বই পায়নি। ৭ম শ্রেণীতেও ২৫ জন শিক্ষার্থী বই থেকে বঞ্চিত হয়েছে। তাছাড়া পোমগাঁও, ভোগই, খিলা আজিজ উল্যাহ উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুল থেকে একই অভিযোগ পাওয়া যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ তৈয়ব হোসেন জানান, এ সংকট নিরসনে জেলা শিক্ষা অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।