নড়িয়ার সরকারি ডাক্তার রোগী দেখেন শিবচরে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৩
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোগী দেখেন মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের কোয়ার্টারে। সাত মাস আগে বাসা ছাড়ার নোটিস দিলেও তিনি তা কর্ণপাত করেননি। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার থেকে গত বছর ১৩ জুন পদোন্নতি পেয়ে ডা. মো. মোতালেব মিয়া শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিযুক্ত হন। কর্মস্থলে নিয়মিত না গিয়ে শিবচরের একাধিক ক্লিনিকে এবং বাসায় সকাল-বিকাল রোগী দেখে বেড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টরস কোয়ার্টার ইউনিট-৪-এর মধ্যে আল্ট্রাসনোগ্রাম সাইবোর্ড টানিয়ে অবৈধভাবে ক্লিনিক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিয়ার রহমান বলেন, তিনি আবাসিক বাসভবন অবৈধভাবে ব্যবহার করে আসছেন। তাকে আমি সর্বশেষ গত ২৯ ডিসেম্বর বাসভবন ছেড়ে দেয়ার জন্য নোটিস পাঠাই। এখনও তার বাসা ছেড়ে দেয়ার কোন লক্ষণ দেখছি না। এদিকে অন্য আবাসিক চিকিত্সকদের থাকার জায়গার সমস্যা হচ্ছে। এ ব্যাপারে শরীয়তপুর সিভিল সার্জন আব্দুল ওয়াহাব হাওলাদার বলেন, কর্মস্থলে না এসে শিবচরের ক্লিনিকে বসে রোগী দেখার বিষয়টি আমার জানা নেই। এরকম অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ডা. মো. মোতালেব মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পারিবারিক সমস্যা নিয়ে ব্যস্ত আছি বলে কথা বলতে অনীহা প্রকাশ করেন।