দ্রুতগতির যানবাহন আলফা নসিমন বন্ধের দাবিতে গতকাল রবিবার মানববন্ধন করেছে বরিশাল প্রেসক্লাব। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। তিনি বলেন, সমপ্রতি দ্রুতগতির যানবাহন আলফা মাহেন্দ্র নগরবাসীর প্রাণ কেড়ে নিচ্ছে। সমপ্রতি স্থানীয় দৈনিক পত্রিকার কর্মচারী রোকনকে চাপা দেয় আলফা মাহেন্দ্র। আলফা মাহেন্দ্রের নতুন করে লাইসেন্স দেয়ার খবরে মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন এ লাইসেন্স বাতিল করা না হলে নগরীতে কোনো আলফা মাহেন্দ্র চলাচল করতে দেয়া হবে না। প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক বরিশাল ব্যুরো প্রধান লিটন বাশার,সাবেক সাধারণ সম্পাদক জি.এম বাবর আলী, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, মহানগর বিএনপি’র যুগ্মআহবায়ক আলী হায়দার বাবুল, মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন, শিশু সংগঠক সুরঞ্জিত দত্ত লিটু, দেবাশিষ চক্রবর্তী প্রমুখ।
