স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ফরিদপুরের আদালত। রবিবার এই রায় প্রদান করেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৪ মে মধুখালী উপজেলার মেঘচামী এলাকার আশোক রায়ের ছেলে গৌতম রায় (২৫) পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধ করে তার স্ত্রী মিতা রানী রায়কে (২০) হত্যা করে। পরে মিতার বাবা আনন্দ কুমার রায় বাদী হয়ে গৌতমকে একমাত্র আসামি করে মধুখালী থানায় মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত গতকাল গৌতমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময়ে গৌতম আদালতে উপস্থিত ছিলেন।
