নবীনগরে একটি হত্যাকাণ্ড

তিন বছর ধরে অশান্তিতে চার গ্রামের মানুষ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৫
চার গ্রামের শত শত মানুষ গত ৩ বছর ধরে হয়রানির শিকার। অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেখানে। একটি হত্যা ঘটনার পর থেকে এই শ্বাসরুদ্ধকর অবস্থা। নবীনগর উপজেলার কুড়িঘর, রান্দুরা, খড়িয়ালা ও পাঁচবাড়ি গ্রামের কয়েকশ’ মানুষ প্রভাবশালীদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। ২০০৯ সালে সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান খুন হয়। তারপর থেকেই ৪ গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ কয়েক হাজার মানুষ এলাকা ছেড়ে পালায়। নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, ২০০৭ সালে ৪ গ্রামবাসীকে নিয়ে একটি ডোবা ভরাট করে ৫২টি দোকান নির্মাণ করা হয়। দোকানগুলো ৪ গ্রামের ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। এতে বাধা দেয় প্রভাবশালী এরশাদুল হক ও তার অনুগতরা। তারা উপজেলা প্রশাসনের কাছ থেকে তাদের নামে অবৈধভাবে কয়েকটি দোকান বরাদ্দ নিয়ে নেয়। এ নিয়ে গ্রাম্য সংঘর্ষে জিল্লুর রহমান খুন হয়। এলাকাবাসী এলাকার শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসনের সাহায্য কামনা করছে।