চট্টগ্রামের হাটহাজারীতে ওরসে ঢোল বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ মোঃ জাহেদুল আলম (২০) নামে এক যুবককে আটক করেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, গত শনিবার রাতে উপজেলার মধ্যম মাদার্শা সমিতির হাটে হযরত আবুল কাসেম শাহ’র ৮০তম ওরশ চলাকালে আকবরিয়া এলাকার কিছু মানুষ সেখানে একটি মহিষ নিয়ে যায়। অপরদিকে দক্ষিণ মাদার্শার মাদারীপুল এলাকাবাসীও মহিষ নিয়ে উক্ত স্থানে যায়। এসময় এক পক্ষ ঢাকঢোল বাজালে অপরপক্ষও ঢাকঢোল বাজানো শুরু করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতি ও পরে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। এতে ইমু (২২), মঞ্জু (৩৫), আজাদ (১৭), রাসেল (৩০) ও নেছার খান (৩৮) আহত হয়। পরে পর্যাপ্ত পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
