সাদুল্লাপুরে হত্যা মামলার আসামি ছিনতাই

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:১০
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামে পুলিশের কাছ থেকে উপজেলার তারা ডাক্তার হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়েছে আসামির পরিবারের স্বজনরা। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও পুলিশ তা ধামাচাপা দেয়ার চেষ্টা করে, গতকাল রবিবার ঘটনাটি স্থানীয় সাংবাদিকরা জানতে পারে। শুক্রবার রাত ২টার দিকে সাদুল্লাপুর থানা পুলিশ শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসআই খুররম তাকে আটক করে। পরে হাতে হ্যান্ডক্যাপ পরানোর সময় শরিফুলের স্ত্রী হ্যান্ডক্যাপ নিয়ে টানাহেঁচড়া ও চিত্কার শুরু করেন। তার চিত্কার শুনে প্রায় ১০/১২ জন নারী-পুরুষ ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেয়। এসআই খুররম অবস্থা বেগতিক দেখে সঙ্গীয় পুলিশ নিয়ে থানায় ফিরে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।