কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর ও উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের ডাকে গতকাল রবিবার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।
হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীরা চোরাগোপ্তা হামলা চালিয়ে অন্তত ১০টি যানবাহন ভাংচুর করে। পুলিশ হরতালের রাতে ১০ জন এবং গতকাল সকালে চার জামায়াত-শিবির কর্মীকে আটক করে।
উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা শাহজালাল চৌধুরীকে গত বৃহস্পতিবার রাতে তার উখিয়ার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরবর্তীতে তাকে উখিয়ার বৌদ্ধ বিহার ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত একটি মামলায় সন্দেহজনক আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, হরতালকে কেন্দ্র করে শহরে পুলিশের ৭টি ভ্রাম্যমাণ দল ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলাদাভাবে রাস্তায় টহল দিচ্ছেন।
