সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:১১
ধামইরহাটে নারীর ক্ষমতায়ন বিষয়ক সভা ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ ধামইরহাটে মাধ্যমকি স্কুল পর্যায়ে স্বেচ্ছাসেবী এনজিও পল্লীশ্রীর উদ্যোগে ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জেন্ডার বৈষম্য ও নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ময়েনউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এস,এম খেলাল-ই-রাব্বানী। পাংশায় বিজ্ঞান সংস্কৃতি চর্চা ক্লাব উদ্বোধন পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা \ রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরে ড. কাজী মোতাহার হোসেন বিজ্ঞান সংস্কৃতি চর্চা ক্লাব উদ্বোধন করা হয়েছে। শনিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা এর উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রওনক হোসেন। নাঙ্গলকোটে বিএনপির প্রতিবাদ সমাবেশ নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সন্ধ্যায় স্থানীয় মান্দ্রা স্কুল মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ডা. শাহজাহানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভুঁইয়া। মাদারীপুরে কৃষি ঋণ বিতরণ মাদারীপুর প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারীপুর জেলার ৮ সহস্রাধিক কৃষকের মধ্যে ৩৭ কোটি ২৬ লক্ষাধিক টাকার কৃষিঋণ বিতরণ করেছে। পাশাপাশি কৃষি ব্যাংক ৬ মাসে ২ কোটি ৯৬ লক্ষাধিক টাকা মুনাফা করেছে। চলতি অর্থ বছর কৃষি ব্যাংকের মাদারীপুর জেলায় কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৮৫ কোটি টাকা। বড়াইগ্রামে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না ভরটহাটে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার জয়বাংলা সামাজিক আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুরে আলোচনা সভা বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা শাখার মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার শিক্ষকদের ১৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বজলে হোসেন জাহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। গাইবান্ধায় প্রকাশনা উত্সব গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার অধ্যাপক মাজহার উল মান্নানের দ্বিতীয় আত্মজৈবনিক গ্রন্থ ‘কারাগারে কারাবাসে’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ রমজান আলী। মতলবে শিক্ষার্থীদের পুনর্মিলনী মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের ২০০১ ব্যাচের এসএসসি পাস করা প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষক মিলনায়তনের জন্য ১৩টি অটোবির উন্নতমানের চেয়ার প্রদান করা হয়। শনিবার উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন। ভাঙ্গুড়ায় লটারির মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় লটারির মাধ্যমে হতদরিদ্র নির্বাচন ও তাদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণে উপজেলা প্রশাসন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ভিজিডি কার্ড প্রদানে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গ্রামবাসীদের সহায়তায় ইউনিয়নওয়ারী দরিদ্রদের নামের তালিকা প্রস্তুত করার পর নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে বাছাইয়ের জন্য লটারি পদ্ধতি বেছে নেয়া হয়। এতে উপকারভোগীদের নাম উঠে আসে। এভাবে বাছাইকৃত ১ হাজার ৬শ ৬৪ জন দরিদ্র ব্যক্তিকে দুই বছরের জন্য ভিজিডি কার্ড দেয়া হচ্ছে। মুরাদনগরে যুবলীগের সম্মেলন কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লরা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। যুবলীগ নেতা ইকবাল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল হাসেম হাসু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সফু মিয়া সরকার ও আব্দুল লতিফ সরকার। হোমনায় হরিণাম সংকীর্ত্তন হোমনা সংবাদদাতা \ কুমিল্লা হোমনা উপজেলা সদরের ঐতিহ্যবাহী গোপাল জিউর আখড়ায় ৪০ প্রহরব্যাপী হরিণাম সংকীর্ত্তন উত্সব রবিবার ভোর থেকে শুরু হয়েছে। এতে নেত্রকোনা, বাগেরহাট, খুলনা, রাজবাড়ী ও হোমনার কীর্ত্তনীয়াদল সংকীর্ত্তন পরিবেশন করবেন। ২৪ জানুয়ারি প্রসাদ বিতরণের মধ্যদিয়ে উত্সবের সমাপ্তি হবে। শিবালয়ে অফিসার্স ক্লাবে চুরি শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলা অফিসার্স ক্লাবের মূল্যবান দ্রব্য সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। উপজেলা চত্বর টেপড়ায় অবস্থিত এ ক্লাবের নিজস্ব ভবন থেকে চেয়ার, টেবিল, তৈজসপত্রসহ বেশ কিছু মালপত্র চুরি যাওয়ার বিষয়ে নির্বাহী অফিসারকে অবগত করানো হয়েছে। মধুখালীতে বিদ্যুত্স্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ শনিবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর পশ্চিমপাড়া গ্রামের মতিয়ার রহমানের পুত্র অষ্টম শ্রেণির ছাত্র সজিব (১৩) নিজ বাড়িতে নতুন বিদ্যুতের লাইনের ওয়ারিং তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নেত্রকোনায় নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, মানবাধিকার নাট্য পরিষদ এবং মানবাধিকার আইনজীবী পরিষদের উদ্যোগে রবিবার জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশে নারী নির্যাতন বন্ধ এবং নারী নির্যাতনকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলোয়ারা বেগম, নারী নেত্রী কোহিনূর বেগম, মারুফা বেগম, ফেরদৌস আরা ইয়াসমিন, অ্যাডভোকেট সীতাশ বিকাশ আচার্য এবং মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম সবুজ। সুন্দরগঞ্জে যাত্রাগানের তিন নর্তকী আটক সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় যাত্রাগানের ৩ নর্তকীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ধর্মপুর বাজার সংলগ্ন স্থানে কিছু সংখ্যক জুয়াড়ি যাত্রার নামে জুয়া, মদ, গাঁজা, সেবনসহ অশ্লীল নৃত্য প্রদর্শন করতে থাকলে স্থানীয় সুধীমহল ইউএনওকে অবহিত করেন। পরে ইউএনও আহসান হাবিব পুলিশসহ ঘটনাস্থল থেকে ৩ নর্তকীকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো বর্ষা রানী, মিলিনা ও আসমা। শাহজাদপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ শাহজাদপুরে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেছে। শনিবার শাহজাদপুর থানা পুলিশ পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকা থেকে মদ ব্যবসায়ী রাশিদুল ইসলামকে (৪০) মদসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ সরকার মদ ব্যবসায়ীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার রূপগঞ্জ সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকা থেকে ১৯ জানুয়ারি শনিবার গার্মেন্টস শ্রমিক রহিমা আক্তারের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার জাদবপুর গ্রামে। তার স্বামীর নাম আরিফ খাঁ। সুনামগঞ্জে পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট সুনামগঞ্জ প্রতিনিধি\ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ পুস্তক ব্যবসায়ী সমিতি। শনিবার সুনামগঞ্জ পৌর শহরের একটি লাইব্রেরীতে বইয়ের দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। এর প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে পুস্তক ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। সাতকানিয়ায় হাতির আক্রমণে গৃহবধূ নিহত সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার সদর এলাকায় লোকালয়ে বন্যহাতির আক্রমণে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহতের নাম রুবি আক্তার (২৭)। গত ১৯ জানুয়ারি শনিবার সদর এলাকায় এঘটনা ঘটে। এছাড়া হাতিটি উপজেলার কয়েকটি এলাকায় তাণ্ডব চালিয়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করেছে। কুমিল্লা বিএনপিতে যোগদান অনুষ্ঠান কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩ শতাধিক কর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে মুরাদনগর সদরে জনসভায় প্রধান অতিথি ও কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের হাতে ফুলের তোড়া দিয়ে ব্যবসায়ী খোরশেদ আলম ও তার স্ত্রী জেলা আওয়ামী লীগের কাজী তাহমিনা খোরশেদের নেতৃত্বে ৩ শতাধিক কর্মী আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে। চৌহালী বেতিল হাইস্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিদ্যালয়ের ওমর ফারুক উন্মুক্ত মঞ্চে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। ফেনীতে প্রবাসী হত্যার প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন পরশুরাম সংবাদদাতা \ ফেনীতে সৌদি প্রবাসী স্বামী আবদুর রহিম হুমায়ুনকে হত্যার প্রতিবাদে স্ত্রী শনিবার ফেনী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। এসময় নিহতের স্ত্রী শিরিনা আক্তার জানান, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মৃত ওহিদুর রহমানের ছেলে ওবায়দুল হক মিন্টু পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের জন্য তার স্বামীকে হত্যা করেছে।