একটি সেতু দিয়ে পণ্যবাহী ১০ চাকার ট্রাক চলাচল করতে দেয়ার দাবিতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ডাকা ধর্মঘটের কারণে গত শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্টে ঢোকার মুখের পাকা ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় প্রায় মাস দুয়েক আগে স্থানীয় প্রশাসন সেটি দিয়ে পণ্যবাহী ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ করে দেয়। এর ফলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্যবাহী প্রতিটি ১০ চাকার ট্রাক ঘোজাডাঙ্গা পাকা ব্রিজের কাছে পৌঁছানোর পর মালামাল আনলোড করে অন্য দু’টি গাড়িতে উঠাতে হতো। বন্দরের খুব কাছাকাছি এসে পুনরায় গাড়ী পরিবর্তন করায় ব্যবসায়ীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সময়ও লাগছে অনেক বেশি। সমপ্রতি ব্রিজটি সংস্কার করে সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচলের উপযোগী করা হয়েছে। ব্রিজটি মেরামত হওয়ার পর প্রশাসনের নির্দেশ বলবত থাকায় ব্যবসায়ীরা সেটি ব্যবহার করতে পারছিল না।
ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি গোপাল সরকারের বরাত দিয়ে অহিদুল ইসলাম আরো বলেন, বেশ কিছুদিন আগে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের পক্ষ থেকে সে দেশের প্রশাসনের কাছে ব্রিজটি ব্যবহারের জন্য আবেদন জানানো হয়। কিন্ত প্রশাসনের উচ্চ পর্যায় পর্যন্ত অনেক দেনদরবারের পরও ব্রিজটি দিয়ে ১০ চাকার ট্রাক চলাচলের অনুমতি মেলেনি। ব্রিজটি খুলে দিতে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের পক্ষ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দিয়ে ভারতীয় প্রশাসনকে আলটিমেটাম দেয়া হয়। দাবি পূরণ না হলে ১৯ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ভোমরা বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণাও দেয়া হয়। বৃহস্পতিবার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন সীমান্তের জিরো লাইনের কাছে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশন ও সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশনের দাবির সাথে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় শনিবার থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
