ফটিকছড়ি-চট্টগ্রাম মহাসড়কে অসহনীয় যানজট

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২০
শীতকালে রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটকদের যাতায়াত বেড়ে যাওয়া, রাস্তার ওপর কাঁচাবাজার বসানো, রাস্তার দুপাশে গাড়ি থামিয়ে রাখা, হাটহাজারী-চট্টগ্রাম মহাসড়কের সংস্কার কাজ চলা ইত্যাদি কারণে হাটহাজারী-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে ইসলামিয়া হাট ও চৌধুরীহাট এ দুই স্থানে সৃষ্ট অসহনীয় যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে জনসাধারণ। সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে কাঁচাবাজার বসানো, হাটহাজারী-চট্টগ্রাম সড়কের সংস্কার কাজ চলার কারণে এই পথে ধীরগতিতে গাড়ি চলাচল করে আসছে। হাটহাজারী হতে অক্সিজেন পৌঁছাতে যেখানে সময় লাগার কথা ৩০-৩৫ মিনিট সেখানে ঘণ্টা পেরিয়ে গেলেও গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। রাস্তার পাশে কাঁচাবাজার বসানোর ফলে গাড়ি চলাচলে প্রতিনিয়ত চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। হাটহাজারী বাজারের ফুটপাতের দোকান তুলে দেয়া হলেও সেখানে গড়ে উঠেছে সিএনজি স্টপেজ। ফলে উত্তর চট্টগ্রামের এ গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রীসাধারণ, শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি কর্মজীবীদের প্রতিনিয়ত পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।কয়েকজন ভুক্তভোগী জানান, অসহনীয় যানজটের কথা চিন্তা করে অনেক সময় হাতে নিয়ে ঘর থেকে বের হলেও নির্দিষ্ট সময় গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফিটনেসহীন বাস, ট্রাক, জিপ, সিএনজি, বেবি ট্যাক্সি চলাচল ও লাইসেন্সবিহীন চালকের দৌরাত্ম্যই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিমত প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। হাটহাজারী-চট্টগ্রাম সড়কে প্রতিনিয়ত সৃষ্ট তীব্র যানজটের অন্যতম কারণ হিসেবে কাঁচাবাজার বসানোকে চিহ্নিত করেছেন বিজ্ঞ মহল। স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনা ও নজরদারির অভাবের কারণে রাস্তার পাশে কাঁচাবাজার বসছে বলে সচেতন মহলের ধারণা।