কল্পনা চাকমার অপহরণ মামলায় আদালত কর্তৃক জেলা পুলিশ সুপারকে পুনঃতদন্তের আদেশের প্রত্যাখ্যান, চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে গতকাল রবিবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গণতান্ত্রিক যুব ফোরামসহ ৭টি সংগঠন এই অবরোধের ডাক দেয়।
রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলাকালে সকাল থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলা সদর থেকে কোন যাত্রীবাহী লঞ্চ ও বোট ছাড়েনি। তবে বিকাল দুটো থেকে শহরে গাড়ি চলাচল শুরু হয়।
এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের সাইকেল চাকমার স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে কল্পনা চাকমার অপহরণের বিচার বিভাগীয় তদন্ত ও চিহ্নিত অপহরণকারী সেনা কর্মকর্তা লেঃ ফেরদৌস, নূরুল হক ও সালেহ আহম্মদকে বিচারের আওতায় নিয়ে আসা না হলে বাঘাইছড়ি বাজারসহ কয়েকটি বাজার বয়কট করা হবে বলে বিবৃতিতে হুমকি দেয়া হয়েছে।
