চট্টগ্রামে বিজিএমইএর সেমিনারে বক্তারা

তৈরি-পোশাক শিল্পে কমপ্লায়েন্স চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক প্রতিবন্ধকতা রয়েছে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২১
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কমপ্লায়েন্স চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে ‘সেফটি ও সিকিউরিটি’র বিষয়টি নিয়ে নতুন করে সবাইকে ভাবতে হবে। সম্প্রতি তাজরীন গার্মেন্টসে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। যথেষ্ট অগ্নিনির্বাপণ সরঞ্জাম, প্রশিক্ষিত অগ্নিনির্বাপণ টিম থাকা সত্ত্বেও এত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। গত শনিবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তবে হতাশার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত সম্পর্কে বেশ আশাব্যঞ্জক তথ্যও প্রকাশ করা হয় সেমিনারে। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কমপ্লায়েন্স ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রায় শতভাগ ক্রেতাই সন্তুষ্ট। ক্রেতারা বলেছেন, গত ৫ বছরে বাংলাদেশ কমপ্লায়েন্স মান ৬৭ শতাংশ উন্নীত হয়েছে। এশিয়ার অন্যতম বৃহত্ অর্থনৈতিক শক্তি চীন তৈরি পোশাক শিল্প থেকে হাইটেক শিল্পের দিকে যাচ্ছে। চীনের এ প্রবণতা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের জন্য সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ক্রেতারা এখন চীনের পরিবর্তে বাংলাদেশমুখী হচ্ছেন। সেমিনারে বক্তারা তৈরি পোশাক শিল্প খাতকে এগিয়ে নেয়ার জন্য বিল্ডিং কোড ও ফায়ার প্রোটেকশন কোড অনুসরণ করে ভবন নির্মাণের আহ্বান জানান। এছাড়া তারা পোশাক শিল্প খাতের জন্য পৃথক গার্মেন্টস পল্লী স্থাপন জরুরি বলে অভিমত দেন। নগরীর পাহাড়তলি এলাকায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত ‘অ্যাড্রেসিং কমপ্লায়েন্স চ্যালেঞ্জেস ফর এ নিউ উইনিং গ্লোবাল স্ট্রাটেজি ইন আরএমজি সেক্টর: কি ইস্যুজ’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, তৈরি পোশাক শিল্প খাতে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে কমপ্লায়েন্স চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে হবে। আর এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন ইনস্টিটিউট অব আর্কিটেক্ট সভাপতি মুবাশ্বের হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও সাবেক রাষ্ট্রদূত এবং বিইআইর সহ-সভাপতি হুমায়ুন কবির। সেমিনারে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন।