শিশু ও নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে চবি শিক্ষক সমিতির মানববন্ধন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২১
সারাদেশে সংঘটিত শিশু ও নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে গোটা বিশ্বে নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। অথচ মানব জাতির অর্ধেক অংশই নারী। বক্তারা এ প্রসঙ্গে কবি নজরুলের সেই বিখ্যাত বাণী উল্লেখ করেন,‘এ বিশ্বে যা কিছু সুন্দর চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ উন্নয়নের সকল ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে নারীরা। আমাদের মা-বোনদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে সোচ্চার হতে হবে। শিশু ও নারী নির্যাতনকারীদের প্রতিরোধ করতে সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আলী আশরাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরীর পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন ও ডিনস কমিটির আহবায়ক প্রফেসর ড. ইমরান হোসেন, শাহাজালাল হলের প্রভোস্ট ও প্রভোস্ট কমিটির আহবায়ক প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রীতিলতা হলের প্রভোস্ট মাহবুব আলম, বাংলা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল হক, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সুকান্ত ভট্টাচার্য, শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য আবুল বশর মোহাম্মদ আবু নোমান ও ড. নাজনীন নাহার ইসলাম।