অপ্রতিরোধ্য শারাপোভা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কার বিপক্ষে চতুর্থ রাউন্ডে স্বভাবতই হট ফেবারিট ছিলেন নোভাক জোকোভিচ। শেষ পর্যন্ত জয় নিয়েই কোর্ট ছেড়েছেন তিনি। কিন্তু সেই জয় পাওয়ার আগে ক্যারিয়ারের অন্যতম কঠিন লড়াইয়ের সামনে পড়েছিলেন। ১-৬,৭-৫,৬-৪,৭-৬ (৭-৫), ১২-১০ ব্যবধানের এক ‘মহাকাব্যিক’ ম্যাচ জিতে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠলেন জোকোভিচ। জোকোভিচের মতো এতো কষ্টে নয়; সহজেই এগিয়ে চলেছেন মারিয়া শারাপোভা। শারাপোভার পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, লি না এবং অ্যাগনেইস্কা রাদওয়ানস্কাও। পুরুষ এককে ফেবারিটদের মধ্যে জয় পেয়েছেন নিকোলাস আলমেগ্রো,ডেভিড ফেরার এবং টমাস বার্ডিচ। ১৯৮৯ সালে নিজের টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে স্টেফিগ্রাফ চতুর্থ রাউন্ড পেরিয়েছিলেন মাত্র আটটি গেম খুইয়ে। পরে মনিকা সেলেস তার রেকর্ড স্পর্শ করেন। আর শারাপোভা প্রথম চার ম্যাচে খুইয়েছেন মাত্র পাঁচটি গেম। বছরের প্রথম গ্রান্ড স্লামে মারিয়া শারাপোভার বিধ্বংসী ফর্ম বোঝাতে বিস্ময়কর এই তথ্যই বোধহয় যথেষ্ট। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে জোড়া শূন্য উপহার দেয়া শারাপোভা তৃতীয় রাউন্ডে উড়িয়ে দেন সাতটি গ্রান্ড স্লামের মালিক আমেরিকার ভেনাস উইলিয়ামসকে। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকিন্স। তবে রাশিয়ান গ্লামার গার্লের বিপক্ষে দাঁড়াতেই পারেননি ফ্লিপকিন্স। ৬-১,৬-০ সেটে তাকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজের অপ্রতিরোধ্য ফর্ম ধরে রেখেছেন শারাপোভা। তবে এই রুশ এখনই ভেসে যেতে চান না আনন্দের আতিশয্যে ,‘আমি অবশ্যই খুশি এ ধরনের খেলা উপহার দিতে পেরে । তবে আমি এও জানি, পরের রাউন্ড থেকেই আমাকে আরও শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।’ কোয়ার্টার ফাইনালে শারাপোভার প্রতিপক্ষ স্বদেশী একাটেরিনা ম্যাকারোভা। টুর্নামেন্টের পঞ্চম বাছাই অ্যাঞ্জেলিক কারবারকে চমকে দিয়ে ম্যাকারোভা তাকে হারিয়ে দেন ৭-৫,৬-৪ সেটে। শারাপোভার মুখোমুখি হওয়ার আগে ম্যাকারোভা যেন সাহস যোগালেন নিজেকেই,‘মারিয়ার(শারাপোভা) বিরুদ্ধে খেলার জন্য আমি মুখিয়ে আছি। এখন আমি আগের চেয়ে অনেক বেশী আত্মবিশ্বাসী এবং নিজের খেলা নিয়েও খুশি আমি।’ জার্মানির জুলিয়া জর্জেসকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন চীনের লি না। ৭-৬(৮-৬),৬-১ সেটে জিতেছেন তিনি। সাবেক এক নাম্বার সার্বিয়ার আনা ইভানোভিচকে হারিয়ে টানা ত্রয়োদশ জয় তুলে নিয়েছেন চতুর্থ বাছাই অ্যাগনেইস্কা রাদওয়ানস্কা। ৬-২,৬-৪ সেটের সহজ জয় পেয়েছেন তিনি। পঞ্চম ও চতুর্থ বাছাই টমাস বার্ডিচ এবং ডেভিড ফেরার এগিয়ে চলেছেন মসৃণ গতিতেই। বার্ডিচ ৬-৩,৬-২,৭-৬(১৫-১৩) সেটে হারিয়েছেন কেভিন অ্যান্ডারসনকে আর জাপানের কেই নিশিকরিকে ফেরার হারিয়েছেন ৬-২,৬-১,৬-৪ সেটে। ওদিকে দ্বিতীয় সেটে অষ্টম বাছাই জ্যাঙ্কো টিপসায়েরভিচ হঠাত্ করেই পায়ের ইনজুরিতে আক্রান্ত হলে কোর্ট ছাড়তে বাধ্য হন তখনই। ৬-২,৫-১ সেটে এগিয়ে থাকা তার প্রতিপক্ষ দশম বাছাই নিকোলাস আলমেগ্রো উঠে গেছেন শেষ আটে। পাঁচ সেটের ম্যারাথন এক ম্যাচের পরে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ফ্রান্সের জাইলস সাইমন। স্বদেশী গায়েল মনফিলসকে তিনি হারিয়েছেন ৬-৪,৬-৪,৪-৬,১-৬,৮-৬ সেটে। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ হবেন অ্যান্ডি মারে।