ওবামার দ্বিতীয় মেয়াদ শুরু

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২২:০২
নানা চ্যালেঞ্জ নিয়ে গতকাল রবিবার দ্বিতীয় মেয়াদের জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার শপথ নিলেন বিশ্বের সবেচেয়ে শক্তিশালী দেশ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে বিশাল জনসমুদ্রের সামনে আজ আনুষ্ঠানিক শপথ নিবেন তিনি। একই সঙ্গে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনও শপথ নেবেন। দেশটির রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের প্রস্ততি সম্পন্ন হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের। গতকাল রবিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটে ওবামাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট জুনিয়র। এ সময় হোয়াইট হাউজের ‘ব্লু রুমে’ আয়োজিত অনুষ্ঠানে হাউজের উচ্চপদস্থ কর্মকর্তাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বেকারত্বের উচ্চহার, বাজেট ঘাটতি, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, অভিবাসন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলের ভেতরে-বাইরে বিতর্ক চলছে। এসব চ্যালেঞ্জ সামনে রেখেই আজ আনুষ্ঠানিক শপথ নেবেন ওবামা। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২০তম সংশোধনী অনুযায়ী ২০ জানুয়ারি দুপুর থেকে প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শুরু হয়। গতকাল রবিবার ছিল সাপ্তাহিক ছুটি। তাই আজ আবার শপথ নেবেন প্রেসিডেন্ট ওবামা এবং ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের শপথ অনুষ্ঠানের শ্ল্লোগান ‘আমেরিকার উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আস্থা’। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিংয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার তাকে স্মরণ করা হবে। এই অনুষ্ঠানও ঘটা করে দেশটিতে প্রতি বছর জাতীয়ভাবে উদযাপিত হয়। আর এজন্য দেশটির প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট ওবামার শপথ অনুষ্ঠান এক ভিন্ন মাত্রা পাবে। লোক সমাগমও হবে অনেক বেশি। ওবামা গতকাল স্বেচ্ছাসেবীদের মানবাধিকার কর্মী মার্টিন লুথারের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন। ওবামার আজকের অনুষ্ঠানে ৮ লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ওবামার প্রথম মেয়াদের অনুষ্ঠানে প্রায় ১৮ লাখ লোকের সমাবেশ হয়েছিল। গত ৬ নভেম্বরের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এবং অহিংস আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র ব্যবহূত বাইবেল ছুঁয়ে শপথ নেবেন ওবামা। শপথ অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করতে সঙ্গীত পরিবেশন করবেন পপ তারকা বিয়ন্স নোলস, কেলি ক্লার্কসন ও লোকসংগীত শিল্পী জেমস টেলর। আজ স্থানীয় সময় সকাল ৯টায় ইউএস মেরিন ব্যান্ডের বাদনের পরই স্বাগত ভাষণ দেবেন নিউইয়র্কের ডেমোক্রেট সিনেটর চাক শুমার। অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যান তিনি। প্রথমে শপথ নেবেন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে শপথ পাঠ করাবেন সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েট জাজ সোনিয়া সটোমেয়র। এরপর প্রধান বিচারপতি জন রবার্ট জুনিয়র শপথ করাবেন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টার মধ্যে (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে) বারাক ওবামার শপথ সম্পন্ন হবে। এরপর ওবামা বিশাল জনসমুদ্রে ভাষণ দেবেন। পরে প্রেসিডেন্ট ওবামা ও ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন সস্ত্রীক অংশ নেবেন প্যারাডে। এরপর প্রেসিডেন্ট ওবামা মোটর শোভাযাত্রা সহকারে হোয়াইট হাউজে প্রবেশ করবেন। ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রাল গির্জায় আগামীকাল মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্টের বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে শপথের আনুষ্ঠানিকতা শেষ হবে।