নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এম ফরিদ হাবিব। তিনি ভাইস এডমিরাল জহিরউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি অবসরে যাওয়ার পর আগামী ২৮ জানুয়ারি নতুন প্রধান দায়িত্ব নেবেন। একই দিনে তাঁকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে বলে গতকাল রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
রিয়ার এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন উপ-সচিব মরহুম মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র। ফরিদ হাবিব ১৯৭৬ সালের ৮ জুলাই বাংলাদেশ নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৭৭ সালে যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়েল নেভাল কলেজ, ডার্টমাউথ থেকে মিডশীপম্যান হিসেবে বেসিক নেভাল প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৯ সালের ১ জানুয়ারি তিনি বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। বর্তমানে তিনি নৌ সদর দফতরে সহকারী নৌ প্রধান (অপারেশন্স) হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৮ সালের ১৮ ডিসেম্বর রিয়ার এডমিরাল পদে পদোন্নতি প্রাপ্ত হন। পারিবারিক জীবনে ফরিদ হাবিব বিবাহিত। তার স্ত্রীর নাম হাফিজা হাবিব। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
