মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূলে যুদ্ধ ঘোষণা করতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে। যুক্তরাষ্ট্র স্বপ্ন দেখে বাংলাদেশের প্রতিটি ঘরের সদস্যরা সুষম খাদ্য পায়, সবাই যেন স্বাস্থ্য সচেতন হয়। প্রতিটি শিশু যেন লেখাপড়ার সুযোগ পায়।
কিন্তু যক্ষ্মায় আক্রান্ত হলে এগুলো সম্ভব নয়। কারো যাতে যক্ষ্মা আক্রান্ত হয়ে মৃত্যু না ঘটে এজন্য আমেরিকা বাংলাদেশের পাশে রয়েছে। এ রোগ নির্মূল করে সোনার বাংলা গড়তে হবে। যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। তিনি গতকাল রবিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান নাচঘরে ইউএসএআইডি অর্থায়নে হিড বাংলাদেশের আয়োজনে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম টিবিকেয়ার-২ প্রকল্পের সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে এসে এক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিচার্ড গ্রীন, এলাইসন বিয়ার, জনসংযোগ কর্মকর্তা ওয়াসিফ হাসান, মাইক হারকার, ফিরোজ আহমেদ, টিবিকেয়ার-২ প্রকল্পের টিম লিডার ডাঃ এবিএম জাহাঙ্গীর আলম হিড বাংলাদেশ নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, টেকনিকেল উপদেষ্টা ডাঃ মোঃ হোসাইন, হবিগঞ্জের সিভিল সার্জন শফিকুর রহমান। বিকাল ৩টায় ড্যানডব্লিউ মজিনা তেলিয়াপাড়া অনুষ্ঠান স্থলে পৌঁছলে আদিবাসীরা নাচ-গানে বরণ করে নেন। তিনি টিবিকেয়ার-২ প্রকল্পের যক্ষ্মা নিয়ন্ত্রণ ষ্টল পরিদর্শন করেন।
