২৪ জানুয়ারি সারাদেশে ১৪ দলের এক ঘণ্টা মানবপ্রাচীর

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২২:১৭
একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধা-পরাধীদের বিচার দাবিতে এবং বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আগামী ২৪ জানুয়ারি দেশব্যাপী এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। ওই দিন বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মানববন্ধনের মাধ্যমে মানবপ্রাচীর গড়ে তুলবে তারা। ঢাকা মহানগরীর মানববন্ধনের রুট হলো গাবতলী থেকে শ্যামলী, আসাদ গেইট, ধানমন্ডি ২৭ নম্বর, রাসেল স্কয়ার, পান্থপথ, বসুন্ধরা, সোনারগাঁও, শাহবাগ, হাইকোর্ট, পল্টন, শহীদ নূর হোসেন চত্বর, বঙ্গবন্ধু এভিনিউ, ইত্তেফাক, রাজধানী মার্কেট, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত। গতকাল রবিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কোন সামরিক আদালতের রায় নয়, এটা নিয়ে আপিলের সুযোগ আছে। অত্যন্ত স্বচ্ছ ও পূর্ণাঙ্গ বিচার হচ্ছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াতের মহিলা আমির হয়ে মাঠে নেমেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের রক্ষায় বিভিন্ন শক্তির কাছে ধরনা দেয়া হয়েছে। প্রযুক্তি, কুযুক্তি ব্যবহার করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু এটি আজ চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকার শুরু করেছে। অনেকের বিচার শেষ পর্যায়ে। আজ সোমবার একজনের রায় ঘোষণা হবে। পর্যায়ক্রমে সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে। এবং জনগণের প্রত্যাশিত রায়ই হবে বলে আশ্বস্ত করেন হানিফ। তিনি বলেন, বিরোধী দলের সকল আন্দোলনের মূল লক্ষ্য দুটি হলো যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যদের দুর্নীতি থেকে রক্ষা দেয়া। আগামী ২৪ জানুয়ারি মানববন্ধন কর্মসূচিতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আজ সোমবার যুদ্ধাপরাধী একজনের রায় ঘোষণার দিনক্ষণ ঠিক করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে আজ মাঠে থাকার আহ্বান জানান তিনি। সভায় সিদ্ধান্ত হয়েছে, ২৪ জানুয়ারির মানববন্ধন কর্মসূচি সফল করতে আজ সোমবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নগর ১৪ দলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৫টায় ঢাকা মহাগরের ১৬ সংসদ সদস্যের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠক করবেন।