মির্জা ফখরুলকে পরোয়ানা ছাড়া আটকের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২২:১৭
গ্রেফতারি পরোয়ানা ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে যে সব মামলার এজাহারে আসামি কলামে মির্জা ফখরুলের নাম নেই সে সবে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া জামিন পাওয়ার পর যথাযথ আদালত কর্তৃক ইস্যু করা গ্রেফতারি পরোয়ানা এবং আইনের যথাযথ বিধান ব্যতীত মির্জা ফখরুলকে গ্রেফতার না করার নির্দেশনা কেন দেয়া হবে না, মর্মে রুলজারির আবেদন জানানো হয়েছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চে আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদনটি উত্থাপন করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন। আদালত আজ শুনানির জন্য দিন ধার্য করেন। গতকাল হাইকোর্টে মির্জা ফখরুলের পক্ষে এ আবেদন দায়ের করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। দায়েরকৃত রিটে বলা হয়েছে, উচ্চ ও নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার পরেও একের পর এক মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানো হচ্ছে। যেসব মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানো হচ্ছে এসব মামলার এজাহারের আসামির কলামে তার নাম নেই। শুধু এজাহারের বর্ণনায় নাম থাকায় মির্জা ফখরুলকে বার বার গ্রেফতার দেখাচ্ছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এটা সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদের পরিপন্থী। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, পুলিশের গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, ডিএমপি কমিশনারসহ ১৫ জনকে বিবাদী করা হয়েছে।