আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে শীতের স্থায়িত্ব স্বল্প। কিন্তু আমরা সকলেই এই সিজনটাকে খুব সাদরে গ্রহণ করে থাকি। কারণ শীতের সময় আমরা যারা ঘন ঘন বিভিন্ন পার্টিতে গিয়ে থাকি তারা খুব সহজে মেকআপ এবং বিভিন্ন হেয়ার স্টাইল করতে পারি, যা কিনা গরমের সময় এত সহজে করা যায় না। শীতে চুলের স্টাইল নিয়ে বিউটি এক্সপার্টের পরামর্শ নিয়ে এই আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলী
নারী সৌন্দর্য চুলের স্টাইলের কারণে অনেকখানি বেড়ে যায়। শীতে চুলের স্টাইল কেমন হবে তা নিয়ে আমরা কথা বলেছি ‘হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন’-এর রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতার সাথে। তিনি বলেন, ‘চুলে যে স্টাইল দিই না কেন তা কিন্তু অবশ্যই হতে হবে চেহারার কাটিংয়ের সাথে মানানসই। কারণ, গোল চেহারায় যে হেয়ার স্টাইল ভালো মানাবে লম্বাটে বা স্কয়ার কাটিংয়ের ফেসে কিন্তু তা যুত্সই হবে না। তাই অনুষ্ঠানের ধরন এবং চেহারা বুঝে হেয়ার স্টাইলিং করা উচিত।’ এই শীতের অনুষ্ঠানে কী কী ধরনের স্টাইল আপনি করতে পারেন তারই কিছু পরামর্শ উপস্থাপন করা হলো—
হেয়ার স্পাইরাল
সামনের চুলগুলো ফেস কাটিংয়ের সাথে মিলিয়ে সাইড সিথি বা ব্যাক ব্রাশ করে সামান্য পাফ করে নিতে হবে। এরপর পেছনের চুলে কার্লিং টং অথবা কার্লিং রোলার দিয়ে স্প্রে করে রোল করে নিতে হবে। এই হেয়ার স্টাইলে আপনার পেছনের চুলগুলো ছাড়া থাকবে, এখন আপনি চাইলে বিভিন্ন ধরনের বিড্স (গোল্ডেন বা হোয়াইট পার্ল) খোলা স্পাইরালগুলোর মধ্যে লাগাতে পারেন। এই হেয়ার স্টাইলটি আপনার শাড়ি অথবা সেলোয়ার-কামিজ অথবা ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব সহজেই মানিয়ে যায়।
ম্যাগি কার্ল
যেহেতু সময়টা শীতকাল তাই আমরা এখন চাইলেই চুল ছেড়ে রেখে বিভিন্ন স্টাইল দিতে পারি। এর মধ্যে একটি হচ্ছে পুরো চুল কার্ল করা। ইদানীং স্ট্রেইট চুলের পাশাপাশি কার্লি চুলেরও ট্রেন্ড চলছে পুরোদমে। তাই আপনার চুল যদি হালকা ওয়েভি বা সোজা থাকে এবং চুলের ভলিউম কম থাকে তাহলে পার্টিতে নিজের লুক বদলাতে চাইলে পুরো চুল কার্ল করতে পারেন। এই হেয়ার স্টাইলের সাথে আপনি এক সাইডে তাজা ফুল লাগাতে পারেন।
ব্লো ড্রাই সেটিং
রাতের পার্টি হোক বা দিনের পার্টি হোক পুরো চুল ব্লো ড্রাই করে সামনে ফ্রন্ট সেটিং দিয়ে সিম্পল লুক আনা যেতে পারে। এই ক্ষেত্রে চাইলে নিচের চুলে সামান্য কার্লও করা যেতে পারে। যদি আপনার কপাল চওড়া থাকে তাহলে অবশ্যই সামনের দিক থেকে সামান্য চুল ব্যাংগসের মতো করে ফ্রন্ট সেটিং করতে হবে, এতে কপাল ছোট দেখায়। আর আপনার মুখ যদি গোলাকার হয়ে থাকে তাহলে চুল ব্যাক ব্রাশ করে পেছনে পাফ করে আটকে নিলে মুখটা একটু লম্বাটে দেখাবে। এই শীতে বাজারে বিভিন্ন কালারের তাজা ফুল পাওয়া যাচ্ছে, শাড়ি বা ড্রেসের সাথে মিলিয়ে এক সাইডে ফুল লাগিয়ে নিন।
হাই রিং-লেস বান
যারা চুল ছেড়ে রাখতে চান না তাদের জন্য এখনকার একটি আদর্শ স্টাইল হলো হাই রিং লেস বান। এই স্টাইলে সামনের দিকে চেহারার কাটিং বুঝে সেট করে নিতে হবে। আর পেছনে হালকা পাফ করে আটকে নিতে হবে। এখন পেছনের সব চুলগুলো উল্টিয়ে বেঁধে নিয়ে ঝুলে থাকা চুলে স্পাইরাল বা কার্ল করে নিলেই হয়ে গেল হাই রিং লেস বান। শাড়ি বা ওয়েস্টার্ন যেকোনো ড্রেসেই এটি মানানসই।
মডেল নোভা ছবি সাফাওয়াত খান সাফু
