মাদারবোর্ড তৈরিতে বিশ্বব্যাপী সুপরিচিত ব্র্যান্ড গিগাবাইট বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে মাদারবোর্ড-প্রসেসর-গ্রাফিক্স কার্ডের ব্যয়সাশ্রয়ী থ্রি-ইন-ওয়ান প্যাকেজ। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত গিগাবাইট মিট দ্যা প্রেস ২০১৩-তে এই প্যাকেজ উন্মুক্ত করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গিগাবাইটের সেলস ডিরেক্টর অ্যালান চ্যান, গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ইনচার্জ অ্যালান সু, স্মার্ট টেকনোলজিসের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ এবং গিগাবাইট বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত খাজা মো. আনাস খান। অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারকে অত্যন্ত সম্ভাবনাময় বলে উল্লেখ করেন অ্যালান চ্যান। বাংলাদেশের বাজারে যারা স্বল্প খরচে গুণগত মানের কম্পিউটার কেনার কথা চিন্তা করেন, তাদের জন্য গিগাবাইটের দু’টি মডেলের থ্রি-ইন-ওয়ান প্যাকেজ উন্মুক্ত করা হয়। প্যাকেজগুলোর মডেল হচ্ছে জিএ-ই৩৫০এন এবং ডি৪২৫টিইউডি। উভয় প্যাকেজেই রয়েছে একটি গিগাবাইট মাদারবোর্ড, একটি ডুয়ালকোর প্রসেসর এবং একটি গ্রাফিক্স কার্ড। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্যাকেজ দুটির দাম যথাক্রমে ৬,৫০০ টাকা এবং ৬,২০০ টাকা। এই প্যাকেজগুলোর মাধ্যমে মাত্র খুব কম দামেই এন্ট্রি লেভেলের ভালো মানের পিসি তৈরি করা সম্ভব হবে বলে জানান আনাস খান। আগামী মার্চ মাসের শুরুতে রাজধানীর আইডিবি ভবনে গিগাবাইট গেমিং প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে।
