ফেব্রুয়ারিতে দেশের প্রথম ই-বাণিজ্য মেলা ঢাকায়

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:৫৮
তথ্যপ্রযুক্তি বিষয়ক পত্রিকা কমপিউটার জগত্-এর উদ্যোগে এবং ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি রাজধানীর সুফিয়া কামাল গণ গ্রন্থাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম ই-বাণিজ্য মেলা। এ উপলক্ষে সম্প্রতি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক পূর্বপ্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের প্রথম এই ই-বাণিজ্য মেলার স্লোগান রাখা হয়েছে ‘ঘরে বসে কেনাকাটার উত্সব’। বাংলাদেশে ই-কমার্স সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যেই এই মেলা আয়োজন করা হচ্ছে। মেলার পূর্বপ্রস্তুতি নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী এডিসি (সার্বিক)। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বেসিস-এর পরিচালক শাহ্ ইমরাউল কায়ীশ, বাংলাদেশ ব্যাঙ্কের এসএম তোফায়েল আহমেদ, গ্রামীণফোনের এম হাফিজুর রহমান খান, ব্যাংক এশিয়ার কাজী মর্তুজাসহ ই-কমার্স নিয়ে আগ্রহী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।