রজার ফেদেরার আর সেরেনা উইলিয়ামসের জয়ে কোন অঘটন ছাড়াই কাটলো অস্ট্রেলিয়ান ওপেনের অষ্টম দিন। ফেদেরার-মারের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন অ্যান্ডি মারে এবং ভিক্টোরিয়া আজারেঙ্কাও।
সুইস সুপারস্টার রজার ফেদেরার ৬-৪,৭-৬(৭-৪),৬-২ সেটে হারিয়েছেন কানাডার মিলোস রাওনিককে। কোয়ার্টার ফাইনালে ফেদেরার মুখোমুখি হবেন ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গার। সোঙ্গা গত রবিবার তার স্বদেশী রিচার্ড গ্যাসকুয়েটকে হারিয়েছেন ৬-৪, ৩-৬, ৬-৩, ৬-২ সেটে। পুরুষ এককে তৃতীয় বাছাই অ্যান্ডি মারেও জিতেছেন হেসে খেলেই। ফ্রান্সের গিলস সাইমনের বিরুদ্ধে তিনি জয় পেয়েছেন ৬-৩, ৬-১, ৬-৩ সেটে। ম্যাচে মারে বেশ কয়েকটি ব্রেক পয়েন্টের সুযোগ হাতছাড়া করলেও কঠিন কোন চ্যালেঞ্জে তাকে পড়তে হয়নি । পক্ষান্তরে আগের রাউন্ডেই পাঁচ সেটের এক ম্যারাথন ম্যাচ জিতে আসা সাইমন দুটি ব্রেক পয়েন্টের সুযোগ পেয়ে দুটিকেই কাজে লাগান সাইমন। ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারে ম্যাচ শেষে বলেছেন তার সন্তুষ্টির কথা, ‘(টুর্নামেন্টের)প্রথমদিকের ম্যাচগুলোতে আমাকে তেমন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। তবে কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের এই পর্যায়ে এসে আপনাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি থাকতেই হবে। ’কোয়ার্টার ফাইনালে মারে মুখোমুখি হবেন অবাছাই জেরেমি চার্ডির। তৃতীয় রাউন্ডে চার্ডি তার ফরাসি সতীর্থ আন্দ্রেস সেপ্পিকে ৫-৭,৬-৩,৬-২,৬-২ সেটে হারান।
এদিকে মহিলা এককে টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপার দিকে দারুণ ভাবেই এগোচ্ছেন আমেরিকার সেরেনা উইলিয়ামস । শেষ আটে যাওয়ার পথে তিনি টপকেছেন রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোর বাধা। রড লেবার অ্যারেনায় সেরেনার পাওয়ার টেনিসের সামনে দাঁড়াতেই পারেননি কিরিলেঙ্কো। মাত্র ৫৭ মিনিটের ম্যাচে ৬-২,৬-০ সেটে এই রাশিয়ানকে উড়িয়ে দিয়ে নিজের টানা বিশতম জয় তুলে নেন সেরেনা। ২০১২ সালে ফ্রেন্স ওপেনের প্রথম রাউন্ডে বিদায় নেয়ার পরে আর কোন ম্যাচ হারতে হয়নি সেরেনাকে। এর পরে জিতেছেন উইম্বল্ডন,অলিম্পিক স্বর্ণ এবং ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলে সেরেনার জন্য বোনাস হিসাবে অপেক্ষা করছে আরও একটি রেকর্ড। ৩১ বছর বয়সী এই তারকা হবেন সবচেয়ে বেশি বয়সে র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা দখলকারি নারী। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ হবেন প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে পৌঁছানো আমেরিকার স্লোয়ান স্টিফেন্স। তৃতীয় রাউন্ডে সার্বিয়ার বোজানা জোবানোভোস্কিকে ৬-১,৩-৬,৭-৫ সেটে হারিয়েছেন তিনি। সহজ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। ইলিনা ভেসনিনাকে ৬-১,৬-১ সেটে উড়িয়ে দিতে তিনি সময় নেন মাত্র ৫৭ মিনিট। দশম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি হেরে গেছেন সাবেক ইউএস এবং ফ্রেন্স ওপেন জয়ী সভেতলানা কুজনেতসেভার কাছে । তবে এই রাশিয়ানের কাছে সাবেক এক নাম্বার ওজনিয়াকির ৬-২,২-৬,৭-৫ সেটের পরাজয় অবশ্য খুব বড় কোন চমক হয়ে আসেনি কারো কাছেই।
