রাণীশংকৈল আওয়ামী লীগের সম্মেলন ২৪ জানুয়ারি

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
দীর্ঘ ৯ বছর পর ২৪ জানুয়ারি হতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ১৯৯৩-এ আলী আকবর এম.পি’র মৃত্যুর পর সভাপতি হন আব্দুস সামাদ এবং তার মৃত্যুর পর সভাপতি হন গোলাম মোস্তফা। ১৯৯৮-এ মিজানুর রহমানের মৃত্যুর পর ২০০৩-এ সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক সইদুল হক প্রকাশ। সভাপতি পদে প্রার্থী হবেন বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক। বর্তমান সভাপতি গোলাম মোস্তফা প্রার্থী হবেন না । তবে, ধর্মগড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্বাস আলী সভাপতি প্রার্থী হতে পারেন। এদিকে সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগ মহিলাবিষয়ক সম্পাদিকা, মহিলা লীগ সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মামুনুর রশীদ এলবার্ট এবং উপজেলা যুবলীগ সম্পাদক আলমগীর সরকার। সম্মেলনে প্রধান অতিথি থাকছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী। বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য (ঠাকুরগাঁও-৩) ইমদাদুল হক, আলহাজ্ব দবিরুল ইসলাম এম.পি (ঠাকুরগাঁও-২) এবং জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মকবুল হোসেন বাবু।