অভয়নগর থানা-পুলিশ উপজেলার শংকরপাশা গ্রামের একটি ধানের চাতাল থেকে গত রবিবার চোরাইকৃত ২১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে। পাথালিয়া ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো. শামছুল মান্নান বাদী হয়ে ৩জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
গত ১৪ জানুয়ারি উক্ত স্থান থেকে পুলিশ ২’শ বস্তা চোরাই ইউরিয়া সার আটক করলেও ২৫ বস্তা দেখান হয়েছে বলে অভিযোগ ওঠে। পুলিশ উপজেলার শংকরাপাশা গ্রামের টিটো শেখের চাতালে অভিযান চালিয়ে ২১ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ করে। একই গ্রামের ভ্যানচালক মোয়াজ্জেল মোড়ল (৩৪) পুলিশকে জানায়, সে একই গ্রামের হালিম মোল্যা ও ডালিম মোল্যার বাড়ি থেকে ভ্যান বোঝাই করে উক্ত সার টিটো শেখের চাতালে নিয়ে এসেছে। পুলিশের ধারণা গত শনিবার রাতে এ সার কোন কার্গো থেকে মাস্টার ও সুকানীদের সহায়তায় চুরি হয়ে থাকতে পারে।
পাথালীয়া ক্যাম্প ইনচার্জ শামছুল মান্নান বলেন, সার টিটো শেখের চাতাল থেকে জব্দ করেছি। প্রাথমিক তদন্তে হালিম মোল্যা ও তার ভাই ডালিম মোল্যার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। নওয়াপাড়া সার ব্যবসায়ীরা জানান, ভৈরব নদের উত্তর-পূর্ব জনপদে শক্তিশালী একটি সার চোর সিন্ডিকেট অব্যাহতভাবে সার চুরি করায় আমরা উদ্বিগ্ন।
