নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়

রানিশংকৈলে দুই ব্যক্তি আটক

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে মালয়েশিয়ায় গমনেচ্ছু শ্রমিক নিবন্ধনে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে শনিবার পুলিশ ওই ইউনিয়ন সচিব খলিলুর রহমান এবং অপর একজন ইসমাইল হোসেনকে থানায় আটক করেছে। জানা গেছে, আটককৃতরা অন্যদের সহযোগিতায় ওই শ্রমিক নিবন্ধনে জনপ্রতি ১০০ থেকে ২০০ টাকা বেশি করে নেয়ায় গমনেচ্ছুরা তার প্রতিবাদ করে। এক পর্যায়ে তারা ওই ইউনিয়ন অফিসে সচিব ও ইসমাইলকে ঘেরাও করে। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ইসমাইল জানান, স্থানীয় ফজলু ও হারুন ওই শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান বলেন, তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।