ছোট ভাইয়ের দায়ের করা মামলায় দলিল জালিয়াতির অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. বিলকিছ আক্তার এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায় এটিএম হেলালের ভগ্নিপতি লন্ডন-প্রবাসী আবদুল খালিকের একটি বাসা রয়েছে। এটির তত্ত্বাবধানে ছিলেন তিনি। এরপর বাসার একাংশের একটি দলিল নিজের নামে করেন হেলাল। এ নিয়ে গতবছরের ১৩ সেপ্টেম্বর আদালতে তার ছোট ভাই ইকবাল হোসেন বাদী হয়ে এটিএম হেলাল, তার স্ত্রী নাহিদা হেলাল ও আরেক লন্ডন-প্রবাসী আনোয়ার হোসেনকে আসামি করে দলিল জালিয়াতির মামলা দায়ের করেন। এরপর হেলাল ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই দু’জন হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত নাহিদা হেলালের জামিন মঞ্জুর করেন এবং এটিএম হেলালের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
