মাতা-পিতা সন্তান জন্ম দেন কিন্তু সে সন্তান মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন শিক্ষকরা। বয়োবৃদ্ধদের শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা দেন শিক্ষকরা। দেশের প্রতি ভালবাসা ও দায়িত্ববোধ থেকে শুরু করে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করার দায়িত্ব পালন করেন শিক্ষকরা। শিক্ষকদের এ মহান দায়িত্ব থেকে যেন তাঁরা সরে না আসেন। মানুষ গড়ার কারিগর হিসেবে যেন তাঁদের দায়িত্বে অনড় থাকেন। গত ২০ জানুয়ারি সাতকানিয়া উপজেলার ধর্মপুর মহুরী পাড়া ডঃ কর্নেল অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলডিপি’র চেয়ারম্যান ডঃ কর্নেল অলি আহমদ বীর বিক্রম এ কথা বলেন। গত রবিবার উপজেলার ধর্মপুর মহুরীপাড়া এলাকায় কর্নেল অলি’র প্রতিষ্ঠা করা বিদ্যালয়ে পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রতি বছর এ বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নুরুল কবিরের অর্থায়নে ১০০ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে পোশাক প্রদান করা হয়। সাতকানিয়া উপজেলা এলডিপি’র সভাপতি এজিএম শাহ্ জাহানের সভাপতিত্বে ও মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা এলডিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল কবির, এলডিপি’র সাতকানিয়া উত্তর-পূর্ব সাংগঠনিক শাখার সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক সুজিত দাশ প্রমুখ।
