তরুণ প্রজন্মের জন্য আধুনিক শিক্ষার বিকল্প নেই

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২২:০৬
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের তরুণ প্রজন্মকে সময়োপযোগী, আধুনিক ও বিশ্বমানের শিক্ষায় শিক্ষত করে গড়ে তুলতে হবে। এর কোন বিকল্প নেই। আর এ কাজে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একমাত্র উঁচু নৈতিক মানের শিক্ষকরাই পারেন গুণগমত শিক্ষা নিশ্চিত করতে। তিনি তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করারও আহ্বান জানান। তিনি রবিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় ১৯-২১ জানুয়ারি তিন দিনব্যাপী উচ্চ শিক্ষা, বাস্তবতা ও প্রতিবন্ধকতা শীর্ষ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি র সভাপতি মোঃ সবুর খান। সম্মেলনের মূলপ্রবন্ধ উচ্চ শিক্ষার উত্তাল সময়: বাংলাদেশের জন্য শিক্ষণীয় উপস্থাপন করেন কমনওয়েলথ অব লার্নিং-এর প্রাক্তন সভাপতি ও নির্বাহী প্রধান স্যার জন ডানিয়েল। বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম ও সম্মেলনে যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার সর্বমহলের গ্রহণযোগ্য শিক্ষানীতি প্রণয়ন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ব্যবসা করার অনেক ক্ষেত্র রয়েছে, কিন্তু শিক্ষা নিয়ে নয়। আমরা কাউকে শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেব না। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান মোঃ সবুর খান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষ করার আগে অবশ্যই ক্যারিয়ারডেস্টিনেশন সম্পর্কে ধারণা পরিষ্কার করতে হবে। বর্তমান সময়ে প্রযুক্তিই হচ্ছে শিক্ষার সহায়ক উপকরণ। প্রযুক্তিই শিক্ষাকে সহজ ও অধিকতর আনন্দময় করে তুলছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি ওপন এডুকেশন রিসোর্স, আর্ট অব এডুকেশন ও নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেন। তিন দিনব্যাপী সম্মেলনে চারটি কার্য সেশনে মোট ১২টি মূলপ্রবন্ধ এবং আটটি কনফারেন্স পেপার উপস্থাপন করা হবে।-প্রেস বিজ্ঞপ্তি