দিন যতই সামনে যাচ্ছে বাণিজ্য মেলার মেয়াদ ততই কমে যাচ্ছে। আর তাই মেলার আমেজ বেড়েই চলছে। সব স্টল ও প্যাভেলিয়নে বেচাকেনার ধুম। এখন মেলায় দর্শনার্থীর চেয়ে ক্রেতাই বেশি। সবাই কেনাকাটায় ব্যস্ত। ক্রেতাদের পাশাপাশি স্টল ও প্যাভেলিয়নে বিক্রেতারাও ব্যস্ত পণ্য বিক্রি ও প্রচারণা নিয়ে। প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিচ্ছেন অনেক ক্রেতাই। একসাথে এত পণ্য মেলা ছাড়া আর কোথাও পাওয়া যায় না, জানালেন জিগাতলা থেকে আসা রোকসানা রাফি।
খাবারের পণ্য নিয়ে মেলায় এসেছে প্রায় ২০টি স্টল ও প্যাভেলিয়ন। এসেছে বেশ কয়েকটি ফাস্ট ফুড দোকান। এসব দোকানে খাবারের মূল্য বাইরের খাবারের মূল্যের প্রায় চার গুণ। ধানমন্ডি থেকে মেলায় এসেছেন ইভানা এবং তার বন্ধু রাতুল। ইভানা জানান, এক প্লেট ফুচকা খেলাম। ২শ’ টাকা রাখলো। বাইরের চার গুণ দাম। এসব দোকানে প্রতারণার ফাঁদে পড়ছে হাজার হাজার লোক। কেউ কিছু বলছেন না, মুখ বুজে বিল দিচ্ছেন। আর সুযোগটা কাজে লাগিয়ে ব্যবসা করে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এত বেশি দাম কেন? প্রশ্ন করলে অপমানিত হতে হয়, অভিযোগ করলেন রাতুল।
মেলায় খাবারের স্টল, প্যাভেলিয়ন ও রেস্টুরেন্ট ছড়ানো-ছিটানো। দর্শণার্থীরা প্যাভেলিয়নে আসছেন, পণ্য ক্রয় করছেন এবং খেয়েও যাচ্ছেন। এসব স্টল ও প্যাভেলিয়নের মধ্যে রয়েছে প্রাণ, ড্যানিশ, এইচ আর সি, নেসক্যাফে ইত্যাদি।
