তীব্র পানি সংকটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া

আপডেট : ০২ মে ২০১৯, ১৭:৪১

উদ্বোধনের পর থেকেই চা, বিস্কুট ছাড়া তেমন কিছু পাওয়া যায় না বেগম রোকেয়া বিশ্ববিদ্যিালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়। গত কয়েকদিন খাবার পানিসহ প্রয়োজনীয় পানিও মিলছে না ক্যাফেটেরিয়ায়। ক্যাম্পাসের ভিতরে ক্যাফেটেরিয়ার বিকল্প কোন খাবার জাযগা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ক্যাফেটারিয়ার একমাত্র পানির মোটরটি নষ্ট হয়ে যায়। তখন থেকে তীব্রভাবে ক্যাফেটারিয়ায় খাবার পানি ও টয়লেটের পানির সংকট দেখা দিয়েছে। যার ফলে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

গত কয়েকদিন প্রচণ্ড গরম পড়ায় শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্যাফেটেরিয়ায় বেশী যাতায়াত করছে। কিন্তু প্রয়োজনীয় পানি না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।

বিধান রায় নামের একজন শিক্ষার্থী বলেন, ‘ক্যাফেটারিয়া এমন একটা জায়গা, যেখানে ক্লাসের ফাঁকে এসে সবাই বসে নাস্তা করে ও নিজেদের একটু জিরিয়ে নেয়। কিন্তু এখানে ঠিকমতো নাস্তা পাওয়া তো যায়ই না, এমন কি পানিও পাওয়া যাচ্ছে না। প্রায় এক সপ্তাহ থেকে এখানে পানি নাই, এ নিয়ে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নিতেও দেখা যাচ্ছে না।’

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে পানি নাই। অন্য ভবন থেকে পানি এনে প্রয়োজন মেটাতে আমাদের খুব কষ্ট হচ্ছে।’

আরও পড়ুনঃ মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় বিপদসংকেত প্রচার, ৫৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তত

ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী রেজিস্ট্রার হোসেন আল মুনতাসির এ সম্পর্কে বলেন, ‘ক্যাফেটারিয়ার পানির মোটর নষ্ট হয়ে যাওয়ায় একটু সমস্যা হচ্ছে। তবে অন্য ভবন থেকে পাইপের মাধ্যমে পানি এনে প্রয়োজন মেটানো হচ্ছে। আর খুব দ্রুতই এ সমস্যা সমাধান করা হবে।’

ইত্তেফাক/নূহু