বাচ্চু দলের কেউ নন কোন প্রতিক্রিয়া নেই --------------- জামায়াত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২২:২৫
জামায়াতে ইসলামী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর ব্যাপারে আপাতত কোন প্রতিক্রিয়া জানাবে না। যদি প্রতিক্রিয়া জানাতে হয় তাহলে সেটি চূড়ান্ত করা হবে দলের নীতি নির্ধারণী বৈঠকে। তবে জামায়াতের একজন নেতা বলেছেন, তাদের দলের সাথে বাচ্চুর কোন সম্পর্ক নেই। গতকাল সোমবার রায় ঘোষণার পর বিকালে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয়-মহানগর কমিটির মুখপাত্র ড.শফিকুল ইসলাম মাসুদ টেলিফোনে বলেন, বাচ্চু এক সময় দলের সদস্য ছিলেন এবং তাকে বহু আগে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোন ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া জানানোর জন্য কোন ধরনের আলোচনা হয়নি। মাসুদ তার ব্যক্তিগত মতামত হিসাবে বলেন, ট্রাইব্যুনালের প্রতিটি রায় আমরা প্রত্যাখ্যান করবো। এখানে বাচ্চুর রায় কোন বিষয় নয়। তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যাসহ কোন ধরনের অপরাধের সাথে জামায়াতের নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত কেউই জড়িত ছিলেন না। মাসুদ এর বেশি কোন কথা বলতে রাজি হননি।