গাইবান্ধায় অর্ধদিবস হরতাল

পুলিশের পিকআপসহ ১২টি গাড়ি ভাংচুর

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২২:২৫
গাইবান্ধায় ১৮ দলের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে গতকাল সোমবার পিকেটারা হামলা চালিয়ে পুলিশ পিক-আপ ভ্যানসহ প্রায় ১০-১২টি গাড়ী ভাংচুর করেছে। এসময় পুলিশের সাথে পিকেটারদের শুরু হয় ধাওয়া-,পাল্টা ধাওয়া। পরে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতের গাইবান্ধা জেলা আমীর ডাঃ আব্দুর রহীমসহ ত্রিশ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফকরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে জেলা ১৮ দলীয় জোট এ হরতাল আহ্বান করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কের জেলার পলাশবাড়ীর মহেষপুরে সকাল সাড়ে ৯ টার দিকে পিকেটারা হামলা চালিয়ে পুলিশের একটি পিক-আপ ভ্যানসহ প্রায় ১০-১২টি যানবাহন ভাংচুর করে। এসময় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ২ রাউন্ড টিয়ারসেল ও ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত পিকেটাররা রংপুর-ঢাকা মহাসড়কের জেলার পলাশবাড়ীর কোমরপুর ও মহেষপুরে অবস্থান নিয়ে পিকেটিং করায় সড়কের দুই পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। এদিকে হরতাল চলাকালে গাইবান্ধা শহরের দোকান পাট বন্ধ ছিল। রিক্সা ও অটো রিক্সা ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করেনি। টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাসও ছেড়ে যায়নি। অপরদিকে জেলা সদরে ও গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল করে।