আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামীকাল বুধবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এবং বিএনপি-জামায়াত জোটের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে ২৪ জানুয়ারি ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে এ সভা আহ্বান করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী এমপি সভায় সংশ্লি¬ষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে একই উদ্দেশে আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং মহানগরের অন্তর্গত দল মনোনিত এমপিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম অনুরোধ জানিয়েছেন।
অপরদিকে আগামীকাল বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।
