কারিগরি বিষয়ে দক্ষ প্রবাসীদের ‘ডাটাবেস’ তৈরি করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ মে ২০১৯, ১৭:৪৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, ‘কারিগরি বিষয়ে দক্ষ বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একটি ‘ডাটাবেস’ তৈরি করা হবে। এ ক্ষেত্রে  তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করতে হবে।’

মঙ্গলবার রাশিয়ার মস্কোতে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোমেন প্রবাসীদের প্রযুক্তি বিষয়ক দক্ষতাকে ‘বাংলাদেশের সম্পদ’ হিসেবে উল্লেখ করে এদেশের উন্নয়নের ক্ষেত্রে তা কাজে লাগানোর আহ্বান জানান।

‘পাবলিক ডিপ্লোম্যাসি’র মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক ও ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের কাজ করে যাওয়ার অনুরোধ করে তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীদের বিভিন্ন সেক্টরে বিশেষকরে, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করতে হবে।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উধাও আবহাওয়া অফিসের ওয়েবসাইট

ড. মোমেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।

সভায় প্রবাসী বাংলাদেশিরা তাদের মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করেন। তারা বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।

রাশিয়ার মস্কোতে আয়োজিত এ আলোচনা সভায় রাশিয়াস্থ বাংলাদেশি রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক সহ বাংলাদেশি বিশেষজ্ঞ, ব্যবসায়ী, ছাত্র ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ