জনসমুদ্রে শপথ নিলেন ওবামা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ০০:১৭
মার্কিন ইতিহাসের জীবন্ত কিংবদন্তী, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন। স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস জুনিয়র তাকে শপথ পাঠ করান। দেশটির ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এবং অহিংস আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ব্যবহূত বাইবেল ছুঁয়ে শপথ নেন ওবামা। শপথ গ্রহণের পর জনসমুদ্রে দাঁড়িয়ে ওবামা বলেন, আমেরিকার উন্নয়নে যে যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ওয়াশিংটনের সকালটা ছিল কুয়াশাচ্ছন্ন। মেলেনি সূর্যের দেখা। তবুও জনসমুদ্র ক্যাপিটল হিল। তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস হলেও তা অনুভূত হচ্ছিল না কারোই। সবাই ছিলেন উত্ফুল্ল, উচ্ছ্বসিত। ঘড়ির কাঁটা ১১টা ৩০ ছুঁতেই ৫৭তম অভিষেক অনুষ্ঠানের জনসমুদ্রে গা ভাসান দেশটির ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গে সঙ্গে মুহুর্মুহু স্লোগান ‘ওবামা-ওবামা’। এ সময় সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে ওবামা শুভেচ্ছা জানান সবাইকে। এর আগে অনুষ্ঠানস্থলে আসেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, দুই কন্যা মালিহা ও শাশা, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ও বিল ক্লিনটন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন প্রেসিডেন্ট অভিষেক কমিটির সভাপতি সিনেটর চাক শ্যুমার। ১১টা ৫০ মিনিটে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ‘আমেরিকা বিউটিফুল’ জেমস টেলরের এই সঙ্গীতের পরই মঞ্চে আসেন প্রধান বিচারপতি রবার্টস জুনিয়র। এরপর শপথ নেন ওবামা। শপথ শেষ হবার পরই কামানের তোপধ্বনি বেজে ওঠে। এরপর ওবামা তার ভাষণের শুরুতে জনগণকে ধন্যবাদ জানান। ওবামার দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠানে ৮ লাখ লোকেরও বেশি লোক সমাগম হয়েছে, যদিও তা প্রথমবারের শপথ অনুষ্ঠানের প্রায় অর্ধেক। প্রথা অনুযায়ী ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে শপথ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট তাকে শপথ পাঠ করান। এ সময় পরিবারের সদস্য ও হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ৬ নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এদিকে ওবামার শপথ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপ তারকা বিয়ন্স নোলস, কেলি ক্লার্কসন ও লোকসংগীত শিল্পী জেমস টেলর। জনসমুদ্রে ভাষণ শেষে প্রেসিডেন্ট ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সস্ত্রীক অংশ নেন প্যারেডে। এরপর প্রেসিডেন্ট ওবামা মোটর শোভাযাত্রা সহকারে হোয়াইট হাউসে যান।